'পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের সমস্ত জীবন ধ্বংসের জন্য রাশিয়া সবকিছু করছে।' ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন। শনিবার (৩০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাতের ভাষণে জেলেনস্কি অবকাঠামো এবং আবাসিক এলাকায় ক্রমাগত হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে রাশিয়া এই অঞ্চলকে জনবসতিহীন করতে চায়।
এছাড়া বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, 'দুর্ভাগ্যবশত, রাশিয়া দ্বারা জাতিসংঘের নির্মম অবমাননাকে একটি শক্তিশালী জবাব দেওয়া ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।'
এছাড়া পোলিশ মিডিয়াকে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার মানুষ হত্যার কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।