সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।
শনিবার (৩০ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপাচার্য বলেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশের অনেক ক্ষতি হলো। বহুমাত্রার অধিকারী আবুল মাল আবদুল মুহিত অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও লেখক হিসেবে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হবার নয়।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আবুল মাল আবদুল মুহিতের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি কর্মের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (৮৮) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।