টেকনাফে মাদকসহ গ্রেফতার ২   

কক্সবাজারে ৪২ হাজার ইয়াবা চালানসহ দুইজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পুলিশ। টেকনাফে ৩০ এপ্রিল (শনিবার) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন লাবিব উসামা আহুমাদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃতরা হলেন, নাইট্যং পাড়ার ইসমাঈল মোস্তফার পুত্র আব্দুর রাজ্জাক (২১) এবং নুর বাশারের পুত্র মো. ইলিয়াছ (১৭)। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন লাবিব উসামা আহুমাদুল্লাহ জানান, শনিবার ১০টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লে. সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ বাজারের সিএনজি ষ্টেশনে অভিযান চলাকালে একটি সাদা বস্তা নিয়ে সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গ্রেফতারকৃতদের বস্তাসহ গ্রেফতার করেন। পরে তাদের হাতে থাকা বস্তা তল্লাশি করে ৪২ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।