শুক্রবার (২৯ এপ্রিল) নতুন সরকারকে মানবাধিকার ইস্যু হালকাভাবে নিতে বারণ করেছেন পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের (এইচআরসিপি) চেয়ারম্যান হিনা জিলানি।
২০২১ সালে মানবাধিকারের চিত্র তুলে ধরে, হিনা জিলানি গত বছরের পর্যালোচনাধীন অনেক অধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সরকার জোরপূর্বক গুমকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য দীর্ঘ প্রতীক্ষিত বিল পাস করতে ব্যর্থ হয়েছে। জিলানি এবং এইচআরসিপি মহাসচিব হারিস খালিক এবং কমিশনের সদস্যরা এই রিপোর্ট উপস্থাপন করেন।
এতে বলা হয়েছে, ২০২১ সালে এনফোর্সড ডিসপিয়ারেন্সের তদন্ত কমিশনের দ্বারা রিপোর্ট করা সবচেয়ে বেশি সংখ্যক জোরপূর্বক নিখোঁজ ১ হাজার ১০৮ জন ছিল বেলুচিস্তানে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার ১ হাজার ৪১৭ জনের নিখোঁজ হওয়ার রিপোর্ট এখনো পেন্ডিং অবস্থায় আছে।
ফেব্রুয়ারিতে বিক্ষোভকারীদের একটি বড় দল বেলুচিস্তানে জোরপূর্বক গুমের বিরুদ্ধে ইসলামাবাদে এক সপ্তাহব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
রিপোর্টে বলা হয়েছে, 'যদিও প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন, তবে তাদের পরিবারের সদস্যদের পুনরুদ্ধারের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।' গত বছরের নভেম্বরে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুম হয়ে যায় বলে অভিযোগ ওঠে।
মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত নয়টি ক্ষেত্রে সাংবাদিকদের ভয় দেখানো বা চুপ করা হয়েছে।
এইচআরসিপি নতুন সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা এবং দুর্বল ও বহিষ্কৃত গোষ্ঠীর অধিকার রক্ষার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।