সিটি জানে শিরোপা জিততে কী করতে হবে: গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বেশ কিছু দিন ধরেই শিরোপার জন‍্য চলছে তীব্র লড়াই। লিভারপুল এগিয়ে যায় তো তাদের পেছনে ফেলে শীর্ষে ফেরে ম‍্যানচেস্টার সিটি। শিরোপাধারীরা ৪ পয়েন্টে এগিয়ে গেলে ব‍্যবধান আবার ১-এ নামিয়ে আনে ইয়ুর্গেন ক্লপের দল। সিটি কোচ পেপ গার্দিওলার ধারণা, পয়েন্ট হারাবে না লিভারপুল। তাই শিরোপা ধরে রাখার একটাই পথ দেখছেন সিটি কোচ, শেষ চার ম‍্যাচ জিততে হবে।

শনিবার কিছুক্ষণের জন‍্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছিল লিভারপুল। লিডস ইউনাইটেডের মাঠে ৪-০ ব‍্যবধানের জয়ে ফের তাদের দুইয়ে নামিয়ে আনে সিটি।

৩৪ ম‍্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গার্দিওলার শিষ্যরা। ১ পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই আছে লিভারপুল। লিগের এই পর্যায়ে এসে আর পা হড়কানোর সুযোগ দেখেন না গার্দিওলা। লিডস ম‍্যাচের পর স্প‍্যানিশ এই কোচ বলেন, তাদের জন‍্য সমীকরণ ‘সহজ।’

গার্দিওলা বলেন,  শিরোপা ভাগ্য আমাদের হাতে। উলভস, নিউক্যাসল, ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতব তো আমরা চ্যাম্পিয়ন হবো। আর পয়েন্ট হারালে লিভারপুল চ্যাম্পিয়ন হবে। এখন এটা খুব জটিল কিছু নয়, লিভারপুল নিজেদের সব ম্যাচ জিততে যাচ্ছে।”

তিনি আরও বলেন, আমরা জানি, আমাদের কি করতে হবে- নিজেদের ম্যাচগুলো জিততে হবে। টানা দুই শিরোপা জয়ের চেষ্টা করা এবং পাঁচ বছরে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, এটা বিশেষ এবং সম্মানের।