উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারে পালিত হচ্ছে ঈদুল ফিতর

করোনা সংকটের দু’বছর পর উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের সহযোগিতা ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাহমুদুল হক।

ঈদ জামাতে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমানসহ প্রায় ২০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করে।

পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শহরের অন্যতম বড় মসজিদ বায়তুশ শরফ মসজিদে সকাল পৌনে নটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এছাড়াও পৃথক সময়ে পৌরসভার ১২ ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদগুলোতে ঈদ জামাতে মুসল্লীরা অংশ নেন।

এছাড়াও জেলার নয় উপজেলা ও পৌরসভাগুলোত পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকল ঈদ জামাতে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 

নামাজ শেষে সবাই সবার সাথে কুশল বিনিময় ও বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। এসময় সেমাই, ফিন্নি, বিরিয়ানিসহ নানা মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত হচ্ছে অতিথিরা। 

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মহান আল্লাহর জন্য একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য ঈদুল ফিতর উৎসব হয়ে হাজির হয়েছে। সেই আনন্দ একসাথে উদযাপনে সবাই ঈদগাহ মাঠে সমবেত হয়েছি। জেলাবাসীকে জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক সেই প্রত্যাশা করছি।