পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রুশ বাহিনী পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনে অস্ত্র চালানের কনভয় ধ্বংস করবে। বুধবার (৪ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক সম্মেলনে বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা ইউক্রেনে অস্ত্র চালান অব্যাহত রেখেছে।'
তিনি আরও বলেন, 'আমরা উত্তর আটলান্টিক জোটের যে কোনো পরিবহন ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র বা উপকরণ নিয়ে দেশটির ভূখণ্ডে আসলে তা ধ্বংস করার লক্ষ্য হিসেবে দেখি।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।