কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৪ মে) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজির মধ্যে সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফিরোজ (২৮) ও সামিউল (১২)।

পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া-মির্জাপুর নামক স্থানে পিকআপ ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী সহোদর ফিরোজ ও সামিউল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পিকআপের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে। নিহতরা পাংশা উপজেলার কলিমহর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই মতিউর রহমান সত্যতা স্বীকার করে জানান, পিকআপের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।