জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝুও গতকাল সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে আলোচনা করেন।
চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করা হবে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। এসময় তিনি এসকল সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
দুইবার চীনে সফরের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ওই সফরে ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চীনের স্পিকার তাকে বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। শিরীন শারমিন আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন বেশ আন্তরিক। ভবিষ্যতে দুই দেশের সংসদ সদস্যদের সফর বিনিময় এ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে, খুব শিগগিরই ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চীনের ভাইস-চেয়ারম্যান বাংলাদেশ সফর করবেন বলে চীনের রাষ্ট্রদূত স্পিকারকে অবহিত করেন। সহসাই বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানান।