ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের পুরো একমাস রোজা পালন করে ঈদের জামাত নামাজ আদায়ের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। রাজধানীতে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরই মধ্যে ঈদগাহ ময়দানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়াজনিত কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঈদগাহে এবার ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও পাঁচ থেকে ছয় হাজার নারী মুসল্লির জন্য আলাদাভাবে পর্দা দিয়ে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা থাকছে। তাদের জন্য আলাদা প্রবেশ পথেরও ব্যবস্থা থাকছে। একই সময় কমপক্ষে দেড় থেকে দুইশ মুসল্লি যাতে অজু করতে পারেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। ঈদগাহে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্রবাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। সংসদের দক্ষিণ প্লাজায় এ ঈদের নামাজের জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে উল্লেখ করে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাতে সকল আগ্রহী মুসল্লিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যান্য স্থানে ঈদ জামাত
ধানমন্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠে ৮টায়, মদিনাবাগ কেন্দ্রীয় জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে, মিরপুর ১২নং সেকশনের এ ব্লকে হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সাড়ে ৭টায়, দক্ষিণ বাসাবো বালুর মাঠে সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায়, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৭টায়, ৮টায় ও ৮টা ৪৫ মিনিটে, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদে ৮টায়, বাবে রহমত দেওয়ানবাগ শরীফে ৮টায়, সাড়ে ৯টায় ও ১০টায়, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় ৮টায় ও ৯টায়, গজারিয়ার ভবেরচর জাতীয় ঈদগাহে ৯টায়, পশ্চিম আগারগাঁও দারুল ইমান জামে মসজিদে ৮টায়, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় ৮টায় ও ৯টায়, মীর বাড়ী আদি (মাতবর বাড়ী) জামে মসজিদে ৮টায়, আবুজর গিফারী কলেজে ৮টায়, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে ৮টায়, বনানী কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায় ও ৯টায়, আম্বরশাহ শাহী জামে মসজিদে ৮টায়, এলিফ্যান্ট রোডে এরোপ্লেন মসজিদে ৮টায়, সায়েদাবাদ চিশিতয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে ৮টায়, পল্লীমা সংসদ ময়দানে ৮টায়, সরকারি মাদরাসা-ই-আলিয়ায় সাড়ে ৮টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল সাড়ে ৮টায়।