রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে নির্মাণাধীন ‘আবরার ফুটওভার ব্রিজ’ জুলাই মাসে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল নির্মাণাধীন আবরার ফুটওভার ব্রিজ পরিদর্শনকালে মেয়র বলেন, এই ফুটওভার ব্রিজের কাজ করতে এসে আমাদের অভিজ্ঞতা হয়েছে মাটির নিচে অনেক ধরনের সার্ভিস লাইন থাকে। একটি সার্ভিস লাইনেরও ক্ষতি না করে নির্মাণ কাজ করতে হয়েছে। ফলে সময় একটু বেশি লাগছে। ফুটওভার ব্রিজটির ফাউন্ডেশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের আগেই পাইলিংয়ের কাজ শেষ হবে। ঈদের পর সুপার স্ট্রাকচারের কাজ শুরু হবে। আশা করছি, আগামী মাসের শেষ নাগাদ এটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাজধানীর প্রগতি সরণিতে জ্রেবা ক্রসিংয়ের উপর বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তার স্মরণে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।