ভোলায় জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের সকল মার্কেট ও ফুটপাতের সব দোকানই ক্রেতায় পরিপূর্ণ থাকছে। ক্রেতা-বিক্রেতা কারোরই যেন দম ফেলানোর সময় নেই। এবার অতিরিক্ত গরম থাকলেও ব্যবসা ভালোই হবে বলে মনে করছেন ভোলার ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। গত এক সপ্তাহ থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় মার্কেটের ছোট বড় সকল দোকানে।
প্রতিটি মার্কেটে দুই ধাপে বিক্রি হচ্ছে। দিনের প্রায় পুরো সময়টা গ্রামাঞ্চলের ক্রেতারা মার্কেট দখল করে রাখে। যারা শহরে কিংবা শহরের আশপাশে থাকেন তারা মার্কেটে আসেন বিকেল ও সন্ধ্যার পর। যার কারণে ভোলায় ঈদ বাজারে দিনে ও রাতে সমানতালে বিক্রি চলছে। এ ভিড় সাধারণত কাপড় ও গার্মেন্ট দোকানগুলোতে বেশি হচ্ছে।
প্রসাধনী, গার্মেন্টস আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ক্রেতায় পরিপূর্ণ থাকছে।
ক্রেতারা বলেন, নিজের পছন্দের পোশাক কিনতে পেরে সন্তুষ্ট। পোশাকের পাশাপাশি জুতা, মেহেদি, চুড়িসহ প্রসাধনীও কিনছেন তারা সমান তালে। এদিকে বিভিন্ন মার্কেটে পুলিশি নিরাপত্তায়ও মার্কেট কর্তৃপক্ষ সন্তষ্ট।
শহরের ঐতিহ্যবহী তালুকদার ভবন মার্কেটের সেক্রেটারি মো. হারুন মিয়া জানান, ঈদকে সামনে রেখে শহরের সকল মার্কেটে পুলিশ দায়িত্ব পালন করছে।
পুলিশ সুপার মোকতার হোসেন জানান, ঈদ সামনে রেখে তিন স্তরের নিরপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।