একসময় সান্তোসে খেলতেন রদ্রিগো। যেই ক্লাবে খেলেছেন ফুটবলের রাজা খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। হালের সুপারস্টার নেইমারও এই ক্লাবে খেলার সময় পুরো বিশ্বের নজরে চলে আসেন। ব্রাজিলিয়ান ক্লাবটি একটা সময় বিশ্বব্যাপী পরিচিত ছিল পেলের জন্য। এখনো ওই একই কারণে ক্লাবটির নাম জানে অসংখ্য মানুষ। সেখান থেকেই রদ্রিগোকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। এখন সোনার হাঁস ডিম দিতে শুরু করেছে।
সান্তোস ক্লাব নিয়ে আজ কিছু লিখবো না। কেবল রদ্রিগোর সঙ্গে পেলের সম্পর্ক মেলানোর জন্যই সান্তোসের কথা বলা। আর পেলেকে টেনে আনার কারণটাও বলছি। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর স্প্যানিশ জয়ান্টদের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ফাইনালে খেলা হবে না, এমন হতাশা নিয়ে যখন মাদ্রিদের সমর্থকরা স্টেডিয়াম ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই নায়ক হিসেবে আবির্ভুত হন রদ্রিগো। ম্যাচের ৯০তম মিনিটে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে তার জোড়া গোলে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখতে সক্ষম হয় রিয়াল।
সেই পারফরম্যান্স নজর কেড়েছে পেলেরও। তাইতো অভিনন্দন জানাতে ভুলেননি ফুটবলের রাজা। ইন্সটাগ্রামে রদ্রিগোকে প্রশংসায় ভাসিয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘ বন্ধু, আমি সবসময় জানতাম তোমাকে অভিনন্দন দেওয়ার মতো এমন একদিন আসবেই! যারা নিজেদের কাজটা করতে পছন্দ করে ও কঠোর পরিশ্রম করে, তাদের ভাগ্যে এটা ছাড়া অন্য কিছু লেখা থাকে না। তুমি আজ গর্বিত এবং সামনে আরও এমন আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। রিয়াল মাদ্রিদকেও অভিনন্দন। ফাইনাল দেখার জন্য তর সইছে না আমার!’