ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামের দুই শিশু ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে)  উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু মোসাইবা তিনলাখপীরের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে। সম্পর্কে তারা মামাতো ভাই বোন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সাথে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনে ডোবায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।