সড়ক থেকে মার্কেট সবখানেই মানুষের ঢল

ঈদ উপলক্ষে রংপুরের সড়ক থেকে মার্কেট সবখানেই মানুষের ঢল। শেষ মুহূর্তে মহানগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। সর্বত্র চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।

মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, ভারতীয় কাপড়ের চাহিদা থাকলেও ক্রেতারা দেশি কাপড়ের দিকে বেশি ঝুঁকে পড়েছেন। তবে দাম নিয়ে আপত্তি রয়েছে ক্রেতাদের। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের পছন্দ ও কাপড়ের মানের ওপরই দাম নির্ভর করছে। শিশুদের পোশাকের দাম বেশি বলেও জানান ক্রেতারা। এবার ছেলেদের জিন্স প্যান্ট, গ্যাবাডিন প্যান্টের পাশাপাশি কালার শার্ট, ফুলশার্ট, চেকশার্ট, এক কালার শার্ট রয়েছে পছন্দের তালিকায়। হরেক রকমের বর্ণালি পাঞ্জাবির চাহিদাও রয়েছে সর্বাধিক। আর টপ, স্কার্ট, ফ্রকও রয়েছে  ছোটদের পছন্দের তালিকায়।

জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী লাবু মিয়া বলেন, ক্রেতার চাহিদা অনুসারে আমরা দেশি-বিদেশি দুই ধরনের পোশাকই বিক্রি করছি। সন্ধ্যার পর থেকে ক্রেতা বাড়ে। এরমধ্যে রংপুরের বাইরের  ক্রেতা বেশি। পঁচিশ রমজানের পর থেকে বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগা মলে বদরগঞ্জ থেকে কাপড় কিনতে আসা কলেজ পড়ুয়া মোকাররক হোসেন জানান, রংপুরে এখন ভালোমানের কাপড় পাওয়া যাচ্ছে। তাছাড়া আগের মতো সবখানে ঘুরে ঘুরে কাপড়চোপড় কেনার ঝামেলাও নেই। একটা শপিংমলে ঢুকলেই সবকিছু পাওয়া যাচ্ছে। দামও খুব বেশি নয়। এদিকে ঈদ বাজার নির্বিঘ্নে করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ সতর্ক রয়েছে।