চাঁদ দেখার ভিত্তিতে বুধ অথবা বৃহস্পতিবার মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদুল ফিতর। আর দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে, এ সম্পর্কিত খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা।
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, খতিব, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, মুহাদ্দিছ জামেয়া আহমদিয়া ছুন্নীয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক। বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর জালালাবাদ আরেফিননগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ১৫ মিনিটে।
রাজশাহী : রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহ্ মখদুম (রহ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন নগরীর হযরত শাহ্ মখদুম (রহ) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাত্ আলী। আবহাওয়া বৈরী হলে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে। এদিকে মহানগরীতে রাজশাহী সিটি করপোরেশন ২৫টি ঈদগাহ প্রস্তুত করেছে। এসব ঈদগাহের বেশিরভাগেই সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার উপজেলা পর্যায়েও সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
বরিশাল : বরিশালে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বিসিসির উদ্যোগে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে নগরীর বান্দর রোডে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি প্রায় শেষের পথে।
দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ১০টায় কেন্দ্রীয় জামে কশাই মসজিদ, বায়তুল মোকাররম জামে মসজিদ ও জামে এবায়দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এ মসজিদগুলোর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং বায়তুল মোকাররম জামে মসজিদ সকাল ৯টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মাওলানা কাজী আবদুল মান্নান।
রংপুর: রংপুরে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনূকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে কাচারি বাজার কোর্ট জামে মসজিদে দুই পর্বে সকাল ৯টা ও সাড়ে ৯টায় ওই জামাত অনুষ্ঠিত হবে। এদিকে পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায়, গনেশপুর বায়তুল মামুর জামে মসজিদ, শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদ, মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, বড় ময়দান ঈদগাহ মাঠ ও কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাতমাথা ঈদগাহ মাঠ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহ মাঠ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহ পীরগাছা জে এন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট: প্রতিবছরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এছাড়া নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ) মাজার জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সিলেট কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায় এবং আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
খুলনা: খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। সকাল ৯টায় ঈদের দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় টাউন জামে মসজিদে পর পর ৩টি জামাত এবং সকাল সাড়ে ৮টায় কোর্ট জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে।
পিরোজপুর: পিরোজপুরে ঈদের প্রধান জামাত সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী হলে প্রধান জামাত কেন্দ্রীয় জামে মসজিদে একই সময় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে একই মসজিদে সকাল সাড়ে ৮টায়। পুরাতন ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৮টায়, পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদে হবে সকাল সাড়ে ৮টায় এবং পুরাতন জামে মসজিদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ মসজিদ, থানা মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ, পৌর গোরস্থান মসজিদ ইত্যাদি মসজিদে শহরের অন্যান্য ঈদের জামাত সুবিধামতো সময় অনুষ্ঠিত হবে।
যশোর: যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া যশোর কালেক্টরেট মসজিদে সকাল ৯টায়, পুলিশ লাইন মসজিদ, খুলনা বাসস্ট্যান্ড মসজিদ, উপশহর মারকাজ মসজিদ ও উপশহর ই-ব্লক প্রাইমারি স্কুল মাঠে সকাল ৮টায়, নতুন উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সোয়া ৮টায়, চৌরাস্তা জামে মসজিদ, রেলরোড মসজিদুল আকসা, বারান্দীপাড়া বাইতুল নাঈম, শংকরপুর বাইতুল মামুর মসজিদ ও রেলস্টেশন প্লাটফর্মে সাড়ে ৮টায় এবং রেলগেট মসজিদ ও কারবালা মসজিদে সকাল পৌনে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।