রংপুর বিভাগীয় শহর থেকে পাঁচ বছরের শিশুপুত্র আসিফকে অপহরণের ৩৬ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর শহর থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘরের সামনে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহিন নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক শাহিন সৈয়দপুর শহরের কয়াগোলাহাট বসুনিয়াপাড়া ওমারু মিয়ার ছেলে। পুলিশ জানায়, রংপুর বিভাগীয় শহরের আলমনগর খ্যারবাড়ী এলাকার মো. আশরাফ হোসেন কাল্লুর ছেলে আসিফ (৫)। ১ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে সে বাড়ি সামনে থেকে নিখোঁজ হয়। ওইদিন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার হদিস মিলেনি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, অপহূত শিশু আসিফ ও অপহরণকারীকে রংপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।