লোহাগড়ায় নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী নুপুরের (১৫) লাশ রবিবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে। লোহাগড়া হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নুপুর নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে এবং আর.কে, কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। নিহত ছাত্রীর চাচা বাচ্চু বিশ্বাস ও আব্দুল করিম অভিযোগ করেন, ছয়দিন আগে নুপুর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় খবর পেয়ে লোহাগড়া হাসপাতালে এসে নুপুরের লাশ পেয়েছি। তারা অভিযোগ করেন, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান মানিকের ছেলে রবিউল ইসলাম রুবেল ও নলদীর জালালসী গ্রামের চান সরদারের ছেলে আজাদ সরদার পরস্পর যোগসাজশে নুপুরকে তার বাবার বাড়ি থেকে অপহরণ করে লোহাগড়া বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে মিনি নামে এক নারীর বাসায় আটকে রেখে গণধর্ষণ করে হত্যা করেছে। এ বিষয়ে মিনি বেগম বলেন, চার/পাঁচদিন আগে নুপুর আমার বাড়ি ভাড়া নিয়েছিল। রবিবার সন্ধ্যায় নুপুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডা. দেবাশীষ বিশ্বাস বলেন, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, লাশ উদ্ধার করেছি। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পোস্ট মর্টেমসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।