বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার ইভা বি.। কিন্তু মাথায় হিজাব আর মুখে সবসময় পর্দা থাকার কারণে রাস্তাঘাটে তাকে দেখলে কেউ চিনতে পারেন না। বিষয়টি বেশ উপভোগ করেন ইভা। এএফপিকে জানিয়েছেন সেই কথা।
পরিচয়
২২ বছর বয়সি ইভা বি. বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার। অনলাইনে তার গানের ভিডিও লাখ লাখ বার দেখা হচ্ছে। কিন্তু মাথায় হিজাব আর মুখে সবসময় পর্দা থাকার কারণে রাস্তাঘাটে তাকে দেখলে কেউ চিনতে পারেন না। ‘‘এটা দারুন ব্যাপার যে মানুষ আমাকে চিনতে পারে না। তারা আমার গান বাজায়, কিন্তু আমি যখন তাদের কাছে থাকি তারা চিনতে পারে না যে এটা আমি,’’ সম্প্রতি এএফপিকে এই তথ্য জানান ইভা।
পড়ার নামে গান রেকর্ডিং
মার্কিন ব়্যাপার এমিনেম ও কুইন লতিফাকে (ছবি) দেখে গান লেখা শুরু করেছিলেন ইভা। এরপর পড়াশোনার কথা বলে বাসা থেকে বের হয়ে পাড়ার গানের স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং করে ফেসবুকে দেয়া শুরু করেছিলেন।
শুরুতে পরিবারের আপত্তি, পরে সমর্থন
পালিয়ে গান রেকর্ডিংয়ের বিষয়টি একসময় তার ভাই জানতে পারেন। এরপর তাকে বকাঝকা করা হয়েছিল, কারণ ব়্যাপ বিষয়টিকে তারা একজন তরুণীর জন্য অশ্লীল মনে করেছিলেন। এবং এটা চালিয়ে গেলে তার বিয়ে নাও হতে পারে বলে মনে করেছিলেন। কিন্তু একসময় তারা বুঝতে পারেন যে, ইভাকে ব়্যাপ থেকে সরানো সম্ভব নয়। তাই পরে তারা তাকে সহায়তা করা শুরু করেন।
কোক স্টুডিওতে ডাক
সম্প্রতি কোক স্টুডিওতে অংশ নিয়েছেন ইভা বি.। সে কারণে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে।
দুই জীবন
কোক স্টুডিওতে অংশ নেয়া শিল্পীরা তারকার জীবনযাপন করলেও ইভা বি সেসবের মধ্যে যাননি। তিনি বলেন, ‘‘দুই জীবন যাপন করার বিষয়টি অদ্ভুত। মানুষ আমাকে চেনে, আবার একইসময়ে তারা আসলে আমাকে চেনে না।’’ অবশ্য মাঝেমধ্যে দুই একজন তার চোখ দেখে চিনে ফেলে বলে জানান ইভা।
হিজাব ও পর্দা
ইভা একজন মুসলিম নারী। সবসময় তিনি হিজাব পরেন। কিন্তু মিডিয়ায় তার চেয়ে তার হিজাবের বিষয়ে বেশি আলোচনা হয় দেখে খুশি নন ইভা। ‘‘মিডিয়া আমার চেয়ে আমার হিজাব নিয়ে বেশি ফোকাস করে... তারা এটা হাইপের জন্য করে,’’ বলে মনে করেন তিনি। ‘‘আমাদের সমাজে এটা সাধারণ বিষয়... এটাকে ব্রেকিং নিউজ হতে দেবেন না,’’ এএফপিকে বলেন ইভা।
লিয়ারি যেন ব্রঙ্কস
পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় থাকেন ইভা। একসময় লিয়ারিকে দেশের অন্যতম বিপজ্জনক এলাকা মনে করা হত। আজ সেখানে অনেক হিপ হপ শিল্পীর বাস। ঠিক যেমনটা কয়েক দশক আগে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় হিপ হপের জন্ম হয়েছিল।
গানের কথা
ইভার গানে পাকিস্তানে মেয়েদের জীবন, ধনী-গরিবের বৈষম্য, এমনকি স্থানীয় দুর্নীতির বিষয়গুলো উঠে আসে।