ইংল্যান্ডকে হারালো ‘আনপ্রেডিক্টেবেল’ পাকিস্তান

কদিন আগেই ইংল্যান্ডের মাটিতে নিয়মিত সাড়ে তিনশ রান করেছে পাকিস্তান। সেই দলটিই অনুমানের ধার না ধেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। মনে হয়েছিল, পাকিস্তান আর পারবে না। অথচ সেই পাকিস্তান আবারও বদলে গেলো। গতকাল টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট ইংল্যান্ডকেই হারিয়ে দিলো তারা ১৪ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং স্বর্গ ট্রেন্টব্রিজে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৪ রান করতে পারে।

বড় রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের শুরুটা খুব ভালো হয়নি। ১২ রানেই তারা হারায় প্রথম উইকেট। এরপর বেয়ারস্টো ও জো রুট জুটি করার চেষ্টা করেছিলেন। কিন্তু বেয়ারস্টো, মরগ্যান ও স্টোকস দ্রুত ফিরে আসেন। তবে ইংল্যান্ডকে খেলায় রেখেছিলেন দুই সেঞ্চুরিয়ান রুট ও বাটলার। শেষ পর্যন্ত রুট ১০৭ রান করে ও বাটলার ১০৩ রান করে ফিরে আসেন।

গতকাল এবারের বিশ্বকাপ পেয়ে গেছে তার প্রথম সেঞ্চুরিয়ানকেও। গতকালকের আগে ৫ ম্যাচ হলেও সেঞ্চুরির দেখা ছিল না। গতকাল প্রথম সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের জো রুট। এরপর তার পথ ধরে একই দলের জস বাটলারও সেঞ্চুরি করেছেন।

এর আগে পাকিস্তানের টপ ও মিডল অর্ডারে সবাই গতকাল বলার মতো পারফরম করেছেন। দলটিকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন ইমাম-উল-হক ও ফাখার জামান। ইমাম ৪৪ ও ফাখার ৩৬ রান করে ফেরেন। এরপর পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সিনিয়র মোহাম্মদ হাফিজ ও ইনফর্ম বাবর আজম। হাফিজ ৬২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। অন্য দিকে বাবর ৬৬ বলে করেন ৬৩ রান।

এই দুজন ফেরার পর শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে সংগ্রহটা বড় করার কাজ করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। সরফরাজ ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।

ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন ক্রিস ওকস ও মঈন আলী। মার্ক উড নেন ২ উইকেট। গতকাল নিষ্প্রভ ছিলেন এই টুর্নামেন্টে ইংল্যান্ডের চমক জোফরা আর্চার। তিনি ১০ ওভারে ৭৯ রান ব্যয় করে উইকেটশূন্য ছিলেন।