জামালপুরে গলুই সিনেমা প্রদর্শন বন্ধ

জামালপুরে ‘গলুই’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ করা হয়েছে। সোমবার (৯ মে) ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুমান হাসান তানভির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করা হয়েছে। যদি জেলা প্রশাসক আবারও অনুমতি দেন, তাহলে পুনরায় প্রদর্শন চালু করা হবে।’

ঈদুল ফিতর উপলক্ষে এস এ হক অলিক পরিচালিত গলুই নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। জামালপুর সদর, ইসলামপুর ও মাদারগঞ্জে সিনেমা হল না থাকায় জেলা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এবং মাদারগঞ্জ মীর্জা আজম অডিটোরিয়ামে প্রদর্শন করা হচ্ছিল। চলচ্চিত্রটি গত রবিবার (৮ মে) ইসলামপুরে এবং আজ জামালপুর, মাদারগঞ্জে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সিনেমার পরিচালক এস এ হক অনিক বলেন, ‘১৯১৮ সালের চলচ্চিত্র প্রদর্শন আইনে সিনেমা হল ব্যতীত অন্য কোথাও সিনেমা প্রদর্শন করতে পারবে না। এই কথা বলে প্রশাসনের পক্ষ থেকে গলুই সিনেমা চালানো বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সঙ্গে বার বার মোবাইলে যোগাযোগ করতে চাইলেও সম্ভব হয়নি। 

ইত্তেফাক/এএইচ/ইউবি