৭শ টাকার পাঞ্জাবি ১৩শ টাকায় বিক্রি!

৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় রাজধানীর উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। অধিদপ্তরে এমন অভিযোগ করেন এক ভোক্তা। এ পরিপ্রেক্ষিতে সোমবার আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে এর সত্যতা পায় অধিদপ্তর। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে। পাঞ্জাবির দাম এত বেশি রাখার কোনো ব্যাখ্যা দিতে পারেননি আড়ংয়ের শোরুমের কর্মকর্তারা।

শাহরিয়ার বলেন, আড়ং একটি ব্র্যান্ড। দেশি ভালো পণ্য বিক্রি করে বলে তাদের প্রতি ক্রেতাদের রয়েছে আস্থা ও বিশ্বাস। আর এটিকেই পুঁজি করে কৌশলে তারা ক্রেতাদের ঠকাচ্ছে, যা ভোক্তা আইনপরিপন্থি। এ অপরাধে তাদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে আড়ং-এর কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধিদপ্তরে ডাকা হয়েছে। তারা যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।