কুমিল্লায় পুলিশ কর্মকর্তার গাড়ি চাপায় ৩ পোশাক শ্রমিক নিহত

ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস শ্রমিকদের চাপা দিলে ৩ নারী শ্রমিক নিহত এবং আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই কারখানার শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সাথে থাকা অন্যরা সামান্য আহত হলেও সবাই নিরাপদে আছেন।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত  অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গতকাল ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে চান্দুল এলাকায় তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ নারী শ্রমিকদের চাপা দিয়ে পড়ে     যায়। এতে ৮/৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬), সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)। আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, হঠাত্ পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন পুলিশ পরিদর্শক ও ২ জন কনস্টেবল সামান্য আহত হন। বর্তমানে তারা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এদিকে দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।