বহুদিন পর ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে ---------- ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুদিন পর এবারের সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এর আগে এমন স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়নি। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সব বিভাগের সবাইকে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে, বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা। বৃষ্টি হলে গাড়ি ধীরগতিতে চলতে পারে। ফেরার পথেও যাত্রা যেন শোভন ও নিরাপদ হয় সরকার সে চেষ্টা করছে। শুধু ঈদ নয়, সারা বছর সড়ক এরকম স্বস্তিদায়ক থাকবে।

ওবায়দুল কাদের বলেন, এখন গণপরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র চার ঘণ্টা সময় লাগে। আর ব্যক্তিগত পরিবহনে গেলে লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টার ফলে। ঢাকা ও ঢাকার বাইরে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিজে দুটি টার্মিনাল পরিদর্শন করেছি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে। বাস-মালিকরা বলছেন, ফেরার পথে খালি আসতে হয় বলেই অতিরিক্ত ভাড়া  নেওয়া হচ্ছে। তাই, বাস-মালিকদের বলেছি, সংযমী হোন।’

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে মোবাইল কোর্ট কাজ করছে। দূরপাল্লার বাসের মধ্যে শাহ ফতেহ আলী, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও মানিক এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সায়েদাবাদ টার্মিনালে একুশে পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। পরিবহন খাতে শৃঙ্খলার অভাব উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটা করতে পারলে যোগাযোগব্যবস্থা আরো ভালো হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় যানজট, জনজট ও জলজট— এ তিন মিলে একাকার। এই জট নিরসনে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ঈদের পর সভা হবে, সেখানে দুই সিটির মেয়রও থাকবেন। বছরের পর বছর ধরে ঢাকা শহরে বিশৃঙ্খলা চলছে। এখন আমরা ঢাকা সিটির যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মেট্রোরেল পুরোপুরি চালু হবে। শুধু অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যানজট নিরসন সম্ভব নয়। এজন্য শৃঙ্খলা আনাসহ মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে সরকারের পরিকল্পনা অনুয়ায়ী ছয়টি প্রকল্প বাস্তবায়ন করতে পারলে আশা করছি ঢাকা থেকে পুরোপুরি যানজট নিরসন সম্ভব হবে।’