আফগানিস্তানের নারীদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
তিনি টুইটারে লিখেছেন, ‘তালিবান চাইছে আফগানিস্তানের জনজীবন থেকে মহিলাদের সম্পূর্ণভাবে মুছে দিতে। তাই মহিলাদের কাজ থেকে, স্কুল থেকে বাইরে রাখার ঘোষণা হচ্ছে। পুরুষ সঙ্গী ছাড়া মহিলাদের বাইরে ভ্রমণ করতে না পারার ফতোয়াও একই ইঙ্গিতবাহী। সেই তালিকায় নবতম সংযোজন, মহিলাদের হিজাব বাধ্যতামূলক করার নির্দেশ।’
শনিবার তালেবান জনসমক্ষে নারীদেরকে মুখ ঢেকে রাখতে নির্দেশ দিয়েছে, যার মাধ্যমে তারা তাদের আগের কট্টরপন্থি শাসনামলের নীতিতে ফিরল। নারী ও মেয়েদের ওপর তাদের ক্রমবর্ধমান এসব বিধিনিষেধ আফগানিস্তানের ভেতরে-বাইরে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে।
— Malala (@Malala) May 9, 2022
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর গত বছর আগস্টে দেশটির ক্ষমতা নেওয়া তালেবান প্রশাসনকে ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মেয়েদের শিক্ষার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অন্যতম মূল দাবি হিসেবে সামনে রেখেছে। তা সত্ত্বেও তালেবান নারীদের কাজ ও ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে; মেয়েদের সপ্তম শ্রেণির ওপর পড়তেও বাধা দিচ্ছে।