ঈদের বাড়তি নিরাপত্তা

মসজিদ, ঈদগাসহ গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ঈদুল ফিতরে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাজধানীতে ১০ হাজারসহ সারাদেশে জননিরাপত্তায় থাকছে লক্ষাধিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মসজিদ, ঈদগাহ, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনায় থাকবে পুলিশি নজরদারি। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষাধিক সদস্য নিয়োজিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহজনক মনে হলে চেকপোস্টে তল্লাশি চলছে।

ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানী ঢাকাতেই তিন স্তরের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য ইতোমধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে সব মেট্রোপলিটন ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন।

অপরদিকে দেশের বৃহত্তর ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা ময়দানের নিরাপত্তার ব্যাপারে  পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, ঈদের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার প্রথম বারের মতো চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুসল্লিদের নিরাপত্তায় এখানে এক হাজার ২০০ পুলিশ ও শতাধিক র্যাব সদস্য ছাড়াও থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি। এছাড়া ৩২টি নিরাপত্তা চৌকি থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, চার স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে মুসল্লিদের ঈদগা মাঠে প্রবেশ করতে হবে। এছাড়া মাঠের চারপাশে বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হবে। থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নামাজের সময় শোলাকিয়া ঈদগা ময়দান ও আশপাশের আকাশে নজরদারি করবে শক্তিশালী ড্রোন ক্যামেরা।