কুমিল্লায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে প্রবাসী মেহেদী হাসান মামুন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সন্ধ্যায় নগরীর কালিয়াজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল কালিয়াজুরি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। রাত সাড়ে ৮টায় কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাই কামরুল হাসান বাবুল ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াজুরি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে শহিদ মিয়া তার চাচাতো ভাই মেহেদী হাসান মামুনের ভাই কামাল হোসেনের (৪০) নিকট ৫ হাজার টাকা পাওনা ছিল। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহিদ মিয়া পাওনা টাকার জন্য কামালকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কামালের ভাই প্রবাসী মামুন ঝগড়া থামানোর চেষ্টা করে। একপর্যায়ে শহিদ উত্তেজিত হয়ে মামুন ও তার ভাই কামালকে এলোপাতারি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনের ভাই কামাল হোসেনকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
ইত্তেফাক/আরকেজি