ধামরাইয়ে বাস চাপায় ৪ ট্রাকযাত্রী নিহত

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য ট্রাকে করে রওয়ানা দেওয়া ৪ জন বাসের চাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সাভারের ধামরাইয়ের কালামপুরে যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধামরাই থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী ট্রাকে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি রাত ৮টা ২০ মিনিটের দিকে ধামরাই বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পাটুরিয়াগামী একটি বাস ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় বাসের ধাক্কায় ট্রাক থেকে চার যাত্রী ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পর দ্রুত বাসচালক পালিয়ে গেছেন। পুলিশ বাস চালককে আটক করা চেষ্টা করছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গতকাল রাত ৮টার দিকে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।