সড়ক সংস্কারের সময় গ্যাসের পাইপ ফেটে কাভার্ড ভ্যানে আগুন

সোনারগাঁওয়ে সড়কে সংস্কারকাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। 

বুধবার (১২ মে) বিকেলে ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে রাস্তার দুই পাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এক্সকাভেটর দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঐ সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক পার্টনারশিপ প্রকল্পের আওতায় গত কয়েক মাস মদনপুর-জয়দেবপুর হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কারকাজ চলছে। গতকাল বিকালে মাটি খোঁড়ার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে যায়। এ সময় প্রবল গতিতে গ্যাস বের হয়ে রাস্তায় থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপ লাইনেও আগুন জ্বলতে থাকে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।