তাইওয়ান প্রণালি অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে সতর্ক করার দাবি করেছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, স্পর্শকাতর তাইওয়ান প্রণালি দিয়ে যাওয়া একটি মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণের পর সেটিকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাইওয়ানের কাছে সাম্প্রতিক সময়ে চীনের একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটল।
মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস পোর্ট রয়্যাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী’ আন্তর্জাতিক পানিসীমার মধ্য দিয়ে তাইওয়ান প্রণালিতে তাদের রুটিন ট্রানজিট পরিচালনা করেছে। এটি ছিল দুই সপ্তাহের মধ্যে তাদের এ ধরনের দ্বিতীয় মিশন। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতি মাসে এই ধরনের সমুদ্রযাত্রা চালিয়ে থাকে। তবে দেশটির এমন আচরণে ক্ষুব্ধ চীন। তাইওয়ান প্রণালি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন হিসেবে বিবেচনা করে বেইজিং।