গত জানুয়ারিতে বার্সেলোনা থেকে ফিলিপে কৌতিনহোকে ধারে দলে নিয়ে আসে অ্যাস্টন ভিলা। তখনই ধারণা করা হচ্ছিল, গ্রীষ্মেই হয়তো চূড়ান্ত চুক্তি করে ফেলবে তারা। শেষ পর্যন্ত সেটাই হলো। মাত্র ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে কিনে নিয়েছে অ্যাস্টন ভিলা।
বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ক্লাব দুটি। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে কৌতিনহোকে কিনেছিল বার্সা। সবমিলিয়ে সে সময় তার পেছনে বার্সার খরচ হয়েছিল ১৬০ মিলিয়ন ইউরো। কিন্তু কাতালুনিয়ান ক্লাবটিকে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারেননি কৌতিনহো। একাদশেও নিয়মিত জায়গা পাচ্ছিলেন না। সবমিলিয়ে গত জানুয়ারিতে প্রাথমিক বিচ্ছেদ ঘটে উভয় পক্ষের। এবার চূড়ান্ত বিচ্ছেদ হলো।
বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ক্লাবের প্রতি প্রতিশ্রুতি ও ত্যাগের জন্য তারা কৌতিনহোর ওপর কৃতজ্ঞ। একই সঙ্গে তার জন্য শুভ কামনা ও সুন্দর ভবিষ্যৎও কামনা করে তারা।
অ্যাস্টন ভিলায় কৌতিনহোর যোগ দেওয়ার প্রধান কারণই হলো নিয়মিত খেলা। সেটা তিনি পারছেনও। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ১৬ ম্যাচে গোল করেছেন ৪টি এবং করিয়েছেন আরও ৩টি। তাছাড়া বর্তমানে ক্লাবটির ম্যানেজার তারই লিভারপুলের সতীর্থ স্টিভেন জেরার্ড।