'আগামী মধ্য আগস্টের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ টার্নিং পয়েন্টে পৌঁছাবে এবং বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হবে।' ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান স্কাই নিউজকে এই মন্তব্য করেছেন। শনিবার (১৪ মে) গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেজর জেনারেল কিরিলো বুদানোভ বলেছেন, আগস্টের দ্বিতীয় অংশে যুদ্ধ নতুন দিকে মোড় নিবে এবং এ বছরের শেষের দিকে বেশিভাগ যুদ্ধের সক্রিয় কার্যক্রমের সমাপ্তি ঘটবে। এর ফলে ডনবাস এবং ক্রিমিয়াসহ যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি সেগুলোসহ আমাদের সব অঞ্চলে ইউক্রেনের শক্তি নতুন করে বৃদ্ধি হবে।
তিনি আরও বলেন, রাশিয়ার বিশাল ক্ষতি হচ্ছে। তবে তিনি ইউক্রেনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেননি। কিরিলো বলেন, তিনি তাদের অবস্থান দেখে অবাক হননি এবং রাশিয়ার ব্যাপক প্রচারকৃত ক্ষমতা একটা ‘মিথ’ (গল্প বা উপকথা)।
ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, ইউরোপ রাশিয়াকে একটি বিশাল হুমকি হিসেবে দেখে। তারা তাদের আগ্রাসনে ভীত। আমরা আট বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়ছি এবং আমরা বলতে পারি রাশিয়ার রাশিয়ার ব্যাপক প্রচারকৃত ক্ষমতা একটা ‘মিথ’।
এদিকে ইউক্রেন আরও জানিয়েছে, রাশিয়া খারকিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।