মুরাদনগরে সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বনবিভাগের দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ভোলাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য নজরুল ইসলাম বনবিভাগের অনুমোদন ছাড়া ডুমুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে করাতকল (স’মিল) ব্যবসা চালিয়ে আসছিল। অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে বনবিভাগ কর্তৃপক্ষ কুমিল্লা বন আদালতে ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করে।

সোমবার রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ভোলা ডুমুড়িয়া তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই বাদল ও এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, বনবিভাগের করা একটি মামলায় নজরুল ইসলামের এক বছর সাজা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে