ভারত থেকে পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পায়নি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ এখনো পায়নি। এসব নদীর পানি একতরফা প্রত্যাহারের কারণে বাংলাদেশে পানির সংকট যেমন তীব্র হচ্ছে, সঙ্গে সঙ্গে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সারা দেশ একসময় নিষ্ফলা ঊষর ভূমিতে পরিণত হবে বলে দুই দেশের বিশেষজ্ঞদের অভিমত।

রবিবার (১৫ মে) ফারাক্কা দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ১৬ মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় মুক্তির নিরন্তর সংগ্রামের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৪২ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিলে অংশ নেয়।

তিনি বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু ভারত সেই সুযোগ নিয়ে অব্যাহতভাবে আজ পর্যন্ত তা চালু রেখেছে। ফলে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়।

মির্জা ফখরুল বলেন, বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে জনদুর্দশার আশঙ্কায় সেসময় প্রাজ্ঞ ও দূরদর্শী মজলুম জননেতা মওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরেন। তাই প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে।