নারায়ণগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় বাইসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় ইয়াছিন মিয়া নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পূর্বাচল এলাকায় আবাসন প্রতিষ্ঠান আমেরিকান সিটির রেস্টুরেন্টে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ওমেক্স কুরিয়ার সার্ভিস এর পার্সেল বহনকারি দ্রুতগামি কাভার্ড ভ্যান এশিয়ান হাইওয়ে সড়কের কালাদি এলাকায় একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ইয়াছিন মিয়া সড়কের উপর পড়ে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আটক কাভার্ড ভ্যান চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।