বর্তমানে লাখ লাখ ছেলে-মেয়ে মার্কেটিং সেক্টরে চাকরি করছে। যাদের অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। অল্প বেতনের এ চাকরিতে তাদের জীবনের সকল চাহিদা মেটানো খুবই কঠিন হয়ে পরে। যথা সময়ে বেতন না পাওয়ার জন্য তাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন সমস্যার। পরিবারের যাবতীয় খরচ, বাবার ওষুধ, নিজের বাসা ভাড়া, ছোট বোনের পরীক্ষার ফি, অপরদিকে গার্লফ্রেন্ডকে কাজের ব্যস্ততার জন্য সময় না দিতে পারার জন্য সম্পর্কের নানা টানাপোড়ন।
এমন জীবন যুদ্ধে লড়ে যাওয়া দুই যুবকের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে নাটক ‘স্ট্রাগল’। রায়হান রনির রচনায় ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, সালমান মুক্তাদির ও আরফিন জুনায়েদ।
এতে আরও অভিনয় করেছেন ইশানা আদ্রিজা, ফাইজিয়া রিয়া, আফরিন রাইসা, আসমা শিউলি, আরজুমান্দ আরা বকুল প্রমুখ।
নাটকটি নিয়ে আরফিন জুনায়েদ বলেন, এর আগে যতগুলো নাটকে অভিনয় করেছি ‘স্ট্রাগল’ নাটকের গল্পটি সবগুলোর থেকে আলাদা। এখানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের ‘স্ট্রাগল’এর কথা বলা হয়েছে। আমার বিশ্বাস নাটকটি সবার মনে দাগ কেটে যাবে।
নাটকটিতে একটি গান রয়েছে যাতে কণ্ঠ দিয়েছেন এস এম মনির। গানটির কথা ও সুর করেছেন নির্মাতা শামীম আহসান নিজেই। সংগীত পরিচালনা করেছেন দিন ইসলাম শারুক।