পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় ই-কমার্স প্লাটফর্ম দারাজ ডট কম-এর সঙ্গে যুক্ত হল আলমগীর র্যাঞ্চ লিমিটেড।
মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার গুলশানে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার আলমগীর র্যাঞ্চ লিমিটেড ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, ও দারাজ বাংলাদেশের প্রধান প্রাতিষ্ঠানিক বিষয়ক কর্মকর্তা এ এইচ এম হাসিনুল কুদ্দুস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম মনির, প্রধান সমন্বয়ক শাহরিয়া শাহিন সুলতানা ও মহাব্যবস্থাপক সাদিয়া তাসনিম, দারাজ বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাব্বির হোসাইন, অধিগ্রহণ প্রধান সাইমুন সানজিদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।
আলমগীর র্যাঞ্চ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইতি মধ্যেই গবাদি পশুর বিশ্বস্ত খামার আলমগীর র্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের নিকট সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য সুনাম অর্জন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দারাজ ডট কম-এ প্রকাশিত ছবি ও ভিডিও-এর মাধ্যমে গ্রাহক গরু ক্রয়ের পূর্বে গরুর ওজন, দাঁত, বয়স এবং রং সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন। এছাড়া আলমগীর র্যাঞ্চ কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্ধে নিজস্ব খরচে গরু গ্রাহকের কাছে পৌঁছে দেবে।
আলমগীর র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর বলেন, নিরাপদ ও পরিবেশবান্ধব ডিজিটাল গরুর হাটের মাধ্যমে দেশের জনগণ যেন ন্যায্য মূল্যে সুস্থ ও সবল গরু ক্রয় করে কোরবানি দিতে পারেন সেই লক্ষ্যে এক সঙ্গে কাজ করছে আলমগীর র্যাঞ্চ ও দারাজ বাংলাদেশ লিমিটেড।