ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও বর্তমান করোনা মহামারির কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যয় ১৬ শতাংশ পর্যন্ত বাড়ার পর্যায়ে রয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্হা ইউনিসেফ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সংস্হাটি জানিয়েছে, যুদ্ধ ও মহামারির কারণে বিশ্বে খ্যাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে। এতে রোগ নিরাময়ের জন্য ব্যবহূত প্রস্ত্ততকৃত খাবারের উপাদানের দামেরও উল্লম্ফন ঘটেছে। আগামী ছয় মাসের মধ্যে আরও তহবিল জোগানো না গেলে ৬ লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে।
জলবায়ু পরিবর্তন সহ খাদ্য নিরাপত্তার ওপর বিস্তৃত চাপের পাশাপাশি মূল্যবৃদ্ধি মারাত্মক অপুষ্টিকে ‘বিপর্যয়কর’ মাত্রার দিকে নিয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে সংস্হাটি সতর্ক করেছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘বিশ্ব দ্রুত প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু ও অপুষ্টির শিকার শিশুদের একটি কুণ্ডে পরিণত হচ্ছে।’