এলিজাবেথ লাইনের উদ্বোধন রানি দ্বিতীয় এলিজাবেথের

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রকাশ্যে এসেছেন। গতকাল মঙ্গলবার লন্ডনে তার নামে করা রেলওয়ের একটি লাইনের উদ্বোধন করেন তিনি। যদিও ‘এলিজাবেথ লাইন’ নামে এই লাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী ২৪ মে। খবর দ্য গার্ডিয়ানের।

গতকাল লন্ডনের পেডিংটন স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে ৯৬ বছর বয়সী রানিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী বরিস জনসন, লন্ডনের মেয়র সাদিক খান এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রধান অ্যান্ডি বাইফোর্ড। রানির সঙ্গে ছিলেন আর্ল অব সাসেক্স। পেডিংটন স্টেশনে রানিকে একটি লাঠি হাতে হাঁটতে দেখা যায়। তাকে এ সময় হাসতে দেখা যায়।

তিনি ট্রেনের চালক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। রানিকে একটি ওয়েস্টার কার্ড দেওয়া হয় এবং কীভাবে মেশিনে ব্যবহার করতে হয় তা দেখানো হয়। তিনি ধীরে ধীরে হেঁটে প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ‘এলিজাবেথ লাইন’র মোড়ক উন্মোচন করেন। ১০ মিনিট সেখানে অবস্হান করেন এবং একটি লিফটের মাধ্যমে স্হান ত্যাগ করেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমরা সত্যিই ভাগ্যবান যে, আমরা রানির দেখা পেয়েছি। এটা আনন্দের যে তিনি এলিজাবেথ লাইন উদ্বোধন করতে এসেছেন।