ফুলবাড়ীতে পানের বাজার উর্ধ্বমুখী

দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপণ্যের উর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে পানের বাজারে। প্রতি বিড়া (৮০) পানের দাম বেড়েছে প্রকার ভেদে ২০ থেকে ৩০ টাকা। বুধবার (১৮ মে) ফুলবাড়ী পৌর বাজারের পান-সুপারি ব্যবসায়িদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুর জেলার প্রতিটি উপজেলাতেই আতিথিয়েতার অন্যতম উপাদান হচ্ছে পান-সুপারি। যেকোন অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে পান-সুপারি সরবরাহ করা হয়। এমনকি কারো বাসাবাড়ীতে বেড়াতে গেলে আপ্যায়নের মতো কোনকিছু না থাকলে পান-সুপারি দিয়েই অতিথি সেবা করা হয়। 

দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের পান দোকানি সুব্রত চন্দ্র মণ্ডল তার দোকানে পানের পসরা সাজিয়ে বসে আছেন

ফুলবাড়ী উপজেলার প্রায় ৮০ শতাংশ নারী ও পুরুষ পান-সুপারি খেতে ভালবাসেন। রমজান মাসে এর দাম কম ছিল। কিন্তু ঈদের একদিন আগে থেকে পানের দাম বাড়তে শুরু করেছে। 

ফুলবাড়ী পৌরবাজারের পান-সুপারির পাইকারী ব্যবসায়ী নট্ট গোপাল সরকার, বিমল চন্দ্র রায় ও রফিকুল ইসলাম বলেন, বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতি বিড়া (৮০ টি) পান আকার ভেদে ৮০ থেকে ১২৫ টাকা দরে বেচাকেনা হচ্ছে। যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, রংপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে পান পান সংগ্রহ করা হয়।   

দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের পান দোকানি রফিকুল ইসলাম মিয়া তার দোকানে পানের পসরা সাজিয়ে বসে আছেন

খুচরা পান ব্যবসায়ী নিখিল চন্দ্র রায়, সুব্রত মণ্ডল ও মন্টু রায় বলেন, আগে কুষ্টিয়া থেকে পান সংগ্রহ করতে হতো। পানের দাম বেড়ে যাওয়ায় অনেকেই এ অঞ্চলে পানের বরজ গড়ে তুলেছেন। কুষ্টিয়ার পানের তুলনায় ফুলবাড়ী, পার্বতীপুর ও বদরগঞ্জ এলাকার পানের মান ভালো হওয়ায় এর চাহিদাও বাড়ছে দিন দিন। বাজারে পানের দাম বাড়লেও খিলি পানের দাম আগের মতোই রয়ে গেছে। প্রতিটি খিলি পান পাঁচ টাকা দরে বিক্রি করা হচ্ছে।