অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন লাখ টাকা

রাজধানীর ফার্মগেটে বাসের ভেতর মো. তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী বিহঙ্গ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তরিকুলের দূর সম্পর্কের ভাগিনা মো. আশিক জানান, তরিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এলাকায় একটি পোশাক বিক্রির দোকানের ব্যবস্থাপক তিনি। গ্রাম থেকে সকালেই তিনি ঢাকা আসেন। মিরপুর ১৩ নম্বর সেক্টরে আশিকের বাসায় বিশ্রাম নিয়ে আবার একাই সদরঘাট যাচ্ছিলেন মালামাল কিনতে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করানো হয়। পরবর্তী চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তরিকুলকে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।