তালায় রকমেলন চাষ, লাখ টাকা লাভের সম্ভাবনা

সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল রকমেলন চাষ করা হয়েছে। উপজেলার নগরঘাটা গ্রামের কৃষক হান্নান মোড়ল এবছর সর্বপ্রথম বুলেট জাতের রকমেলন চাষ করেন।

কৃষক হান্নান মোড়ল জানান, নিজের ২০ শতাংশ জমিতে রকমেলন চাষ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। এবার ফলন পাবেন প্রায় ২৪০০ কেজি। প্রতি কেজি রকমেলন ৭০টাকা করে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা বিক্রি করবেন বলে আশা করছেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় উদ্বুদ্ধ হয়ে তিনি রকমেলন চাষ করছেন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এই চাষে বিভিন্ন উপকরণ যেমন বীজ, মালচিং পেপার, জৈব সার ক্রয়ে আর্থিক ও কারিগরি সহায়তা করেছেন বলে জানান তিনি।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি অফিসার মো. নয়ন হোসেন বলেন, ‘রকমেলন একটি বাঙ্গি জাতীয় ফসল। এটি বেশ লাভজনক। বর্তমানে প্রতি কেজি রকমেলন ৭০টাকা বিক্রি হচ্ছে। গত রমজানের মধ্যে ফসল তুলতে পারলে প্রতি কেজি ১২০-১৫৫ টাকা বিক্রি হতো। এই ফসল চারা লাগানোর প্রায় ৫৫-৬০ দিন বয়সে উত্তোলন করা যায়।’ 

তিনি আরও বলেন, ‘কৃষক হান্নান মোড়লের রকমেলন চাষ এই এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে অনেক কৃষক রকমেলন চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।’

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ‘রকমেলন একটি লাভজনক ফসল। এটি এই উপজেলায় চাষাবাদ শুরু হয়েছে। ধীর ধীরে অন্য কৃষকরা রকমেলন চাষে আগ্রহী হয়ে উঠবেন।