ফরিদপুরের যুবক ঈদে জীবননগর বেড়াতে এসে বজ্রপাতে নিহত

ঈদে বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গার জীবননগর বেড়াতে এসে বজ্রপাতে ফরিদপুরের সদরপুরের এক যুবক নিহত হয়েছেন। তার নাম শাকিল মোল্লা (২৭)। বুধবার ঈদের দিন দুপুরে উপজেলা সীমান্তের গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। অপর দুই যুবকের সঙ্গে শাকিল এ সময় বাংলাদেশ-ভারত সীমান্ত দেখতে চ্যাংখালী জিরো পয়েন্টে যাচ্ছিলেন। 

বজ্রপাতে তার এক সঙ্গী মনির (২৫) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) ফরিদরপুর জেলার সদরপুর উপজেলার অকোটেরচর ইউনিয়নের জিএম ডাঙ্গি গ্রামের জাকির মোল্লার বাড়িতে কাজ নেন। জাকির মোল্লার ছেলে শাকিলের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ঈদে বাংলাদেশ-ভারত সীমান্ত দেখার জন্য সাজ্জাদের সঙ্গে শাকিল জীবননগর বেড়াতে আসেন।

দরিদ্র সাজ্জাদ শাকিলকে নতুন তেঁতুলিয়া গ্রামের শ্বশুরালয় খাজা আহাম্মদের বাড়িতে নিয়ে রাখেন। সকালে ঈদের নামাজ পড়ে সীমান্ত দেখতে বেরিয়ে পড়েন ৩ জন। বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রবৃষ্টি শুরু হলে তারা গোয়ালপাড়ার স্টক ইয়ার্ডের সামনের গোলঘরে অবস্থায় নেন। এ সময় সেখানে আরো ৪ জন পথচারীরা অবস্থান করছিলেন।

আরও পড়ুন: শিবগঞ্জে শিক্ষার্থীরা মেরামত করলো ১০কি. মি. রাস্তা

হঠাৎ বজ্রপাতে শাকিল মাটিয়ে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু