আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির স্বাক্ষর

আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে ঢাকাস্থ দূতাবাসে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধরী।

বৃহস্পতিবার (১৯ মে) গুলশান-২-এ আরব আমিরাতের দূতাবাসে গিয়ে এই শোক ও শোক বইতে স্বাক্ষর করেন আমির খসরু।

তিনি বলেন, বাংলাদেশ ও আরব আমিরাতে সম্পর্ক অনেক গভীর। অনেক দিনের সম্পর্ক। বিশেষ করে এই সম্পর্কটা স্থায়ী করার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে তার মূল ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান।

বিএনপির এই নেতা বলেন, আজ আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে যে শ্রম শক্তি যাচ্ছে, সেটা প্রথম প্রেরণ করেছিলেন জিয়াউর রহমান। তাই আমরা মনে করেছি যে, জিয়াউর রহমান যে সুসম্পর্ক স্থাপন করেছেন সেটা অব্যাহত রাখতে হবে আমাদের।  

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের অনেক ব্যবসায়িক সম্পর্ক আছে বলে উল্লেখ করে খসরু বলেন, শ্রম বাজারের সম্পর্ক আছে, সাংস্কৃতিক ও ঐতিহাসিক একটা দৃঢ় সম্পর্ক আছে। আমরা চাই সেই, সম্পর্ক অব্যাহত থাকুক। সেটাই আমি বলেছি এবং শোক বইতে লিখেছি।

এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।