কুষ্টিয়ায় পুত্রের লাঠির আঘাতে বাবু হোসেন (৪২) নামে এক বাবার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ মে) সকাল ৬ টার দিকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় এ ঘটনাট ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম।
নিহত বাবু চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের কারণে গত কয়েকদিন যাবত পিতা বাবু হোসেন ও পুত্র রমিজের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে তাদের মধ্যে চলমান ঝগড়ার এক পর্যায়ে পুত্র রমিজ চরম রাগান্তিত হয়ে পিতা বাবুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে পিতা বাবু হোসেন গুরুতর আহত হন। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক বাবু হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি সাব্বিরুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বাবু হোসেনকে আঘাতকারী তার ছেলে রমিজকে আটক করতে পারেনি। তবে তাকে আটকের চেষ্টা চলছে। এ রিপোর্ট খেলা পর্যন্ত থানায় মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানান।