ঈদ উপলক্ষ্যে নাগরিক টিভির পর্দায় ‘নকল হইতে সাবধান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের দিন রাত ৯টা ২০ মিনিট থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভিতে দেখা যাবে ৭ পর্বের ধারাবাহিক নাটক 'নকল হইতে সাবধান'। নাটকটির রচনায় রয়েছেন শামীম সিকদার ও পরিচালনায় রয়েছেন মারুফ হাসান মিঠু। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাদিয়া জানান প্রভা, জামিল হোসাইনসহ আরও অনেকে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে হঠাৎ শহর থেকে গ্রামে ফিরে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ জোরেসোরেই প্রস্তুতি নিতে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আক্কাচ আলী এমএসসি। অনেক বছর আগে গ্রাম ছেড়ে স্বপরিবারে রাজধানীতে পাড়ি জমিয়েছিল আক্কাচ আলীর বাবা আজগর আলী। এতো বছর পর এলাকায় এসে দুইহাতে টাকা খরচ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আক্কাচ আলী। সাধারণ কথাও সে ভাষণের ঢংএ প্রকাশ করে। আর এগুলো দেখভাল করে তার পিএস পুটু ওরফে ইমার্জেন্সি পুটু। মারাত্বক ব্যাস্ত সে। হেন কাজ নেই যা সে না পারে। হবু চেয়ারম্যান আক্কাচ আলীর যাবতিয় কাজ তাকেই করতে হয়। তবে কোনো কাজই সে মাগনা করে না। কারণ মাগনা কাজের মূল্য থাকে না। পুটুকে সরিয়ে তার জায়গা দখল করার জন্য এপিএস লেবু মিয়া পায়তারা করতে থাকে। 

শান্তিপূর্ণ সমাজ নির্মাণে ইসলামের আদর্শ সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আক্কাচ আলীর কর্মকাণ্ড ও জনসমর্থন দেখে চিন্তায় পড়ে যায় বর্তমান চেয়ারম্যান মোকসেদ মন্ডল। বিগত এক যুগ যার নিয়ন্ত্রণে চলেছে এলাকা। লোকজন পিঁপড়ার সারির মতো পিছে পিছে ঘুরতো একটা রেশন কার্ডের জন্য। অথচ এখন নিজের সামান্য কাজ করার মতো কোনো লোক সে পায় না। বিষয়াটা দারুনভাবে কষ্ট দেয় চেয়ারম্যানকে। ভিলেজ পলিটিক্সের অংশ হিসেবে দল ঠিক করার জন্য দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজন করে চেয়ারম্যান। একই দিনে উদ্দেশ্য-প্রনোদিতভাবে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আক্কাচ আলী এমএসসি। 

এরকমই গ্রামের রাজনীতি, আক্কাচ আলীর চেয়ারম্যান হবার স্বপ্ন আর তার কর্মকাণ্ড নিয়েই রচিত 'নকল হইতে সাবধান' নাটকটি। 

ইত্তেফাক/জেডএইচডি