যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪ টি স্বর্ণের বারসহ শাহআলম নামে একজনকে আটক করেছে বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়ন।
উদ্ধারকৃত সোনার দাম ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
তিনি জানান, শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ঐ এলাকায় অভিযান চালান। সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তায় কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়। তার দেহ তল্লাশি করে কোমরের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। একসঙ্গে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, এরআগেও শাহ আলম একাধিকবার সোনা পাচার করেছেন। তিনি তা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর এবং আটক সোনা ট্রেজারিতে জমা করা হবে।