এমবাপ্পে ‘নাটকে’ নতুন মোড়

নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক দিন ধরে এমন গুঞ্জনই নিশ্চয়তার রূপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। এখন আবার নতুন মোড় নিতে যাচ্ছে। রিয়াল নয় বরং পিএসজিতে চুক্তি বৃদ্ধি করতেই আগ্রহী এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এমনটাই জানাচ্ছে স্পেন ও ফ্রান্সের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

নিজের ভবিষ্যতের ব্যাপারে সেই কবে থেকে মুখে কুলুপ এটে চলেছেন এমবাপ্পে। কিছুদিন আগে ইউএনএফপি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে বলেছিলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’ বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানাচ্ছে, আগামীকালই নিজের সিদ্ধান্তের কথা সবার সামনে খুলে বলবেন তিনি।

মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে ভয়ংকর এক আক্রমণ ত্রয়ী গড়ার স্বপ্ন দেখছে পিএসজি। কিন্তু চলতি মৌসুমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। পারফরম্যান্সের বিচারে তিন জনের মধ্যে এমবাপ্পেই এগিয়ে ছিলেন এবার। সোনার হরিণকে তাই কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় ফরাসি ক্লাবটি। তাকে স্পোর্টিং প্রজেক্টের হেড বানাতে তারা। যেখানে এমবাপ্পের মতো অনুযায়ী, কোচ ও খেলোয়াড় বদল হবে। চুক্তি বাড়াতে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে পিএসজি। সেই চেষ্টায় তারা সফল কি না, তা জানতে হয়তো খুব বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না। চুক্তি অনুযায়ী মেৎজের বিপক্ষে আজই পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলবেন এমবাপ্পে।

রিয়াল অবশ্য এখনই হাল ছাড়ছে না। আশায় বুক বেঁধে আছে। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে এমবাপ্পেকে নিয়ে আলোচনা খুব একটা আলোড়ন তুলুক তা চায় না স্প্যানিশ ক্লাবটি্ কোচ কার্লো আনচেলত্তি তাই বললেন, ‘আমরা এই বিষয়ে অভ্যস্ত হয়ে গেছি। তবে আমাদের ফোকাস শুধু চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে। বাতাবরণ খুবই ভালো। বাইরে যা হচ্ছে এবং যা কথা বলা হচ্ছে তা আমাদের ওপর কোনো প্রভাবই ফেলছে না। কেউই আমাকে এমবাপ্পের ব্যাপারে জিজ্ঞেস করছে না। এর মধ্যে আমি মাদ্রিদের ভালো রেস্টুরেন্ট গুলোতে যাই, সেখানেও কেউ এ নিয়ে জিগ্যেস করেনি আমাকে। আমার মাথায় কেবল একটা জিনিসই আছে, আর সেটা হলো ফাইনাল। এমবাপ্পেকে না পেলে ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে ভেড়াতে পারে রিয়াল। কিন্তু তার আগে এমবাপ্পে নাটকের নিষ্পত্তি ঘটুক।