ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্কহেড ডুবি

ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় ঝড়ের কবলে ৩টি দোকান দুমড়েমুচড়ে যায়।

শনিবার (২১ মে)  সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া এমভি তানিম শামীম বাল্কহেড নাবিক মো. মনির বলেন, আমরা নদী ভাঙ্গনের ইমারজেন্সি কাজের জন্য বালুনিয়ে যাওয়ার সময়
হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

ভোলার ইলিশ নৌ-থানার ওসি শাহাজালা বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই  করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।