চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহতের ২৪ ঘণ্টার মধ্যে অপর এক দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
পাহাড়তলী থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হাসান জানান, উত্তর কাট্টলীর একটি মাঠে রুটিন প্যারেড শেষে পিকআপযোগে খুলশী অফিসে ফিরছিলেন শিল্প পুলিশের ১৩ সদস্য। তাদের বহনকারী পিকআপটি পাহাড়তলী সাগরিকা মোড়ে পৌঁছালে- সকাল পৌনে ৯টায় বেপরোয়া গতিতে আসা ১১ নম্বর রুটের একটি যাত্রীবাহী মিনিবাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ১৩ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও মিনিবাসটি আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত শিল্প পুলিশের ১৩ সদস্যকে হাসপাতালে নিয়ে এলে তাদের ২৪, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। এরা হলেন- রিমি (২২), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), শামীম হোসেন (২২), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবু (২৬), জসিম (২৩) ও মাসুদ (২৩)।
এদের মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ৩ জনের অবস্থা গুরুতর। অপর ১০ জনকে চিকিৎসা শেষে পর্যায়ক্রমে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইপিজেড থানার টিএসপি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় বেনু রাম নাথ নামে পুলিশের এক এএসআই নিহত হন।